Showing posts with label Bengali learning. Show all posts
Showing posts with label Bengali learning. Show all posts

Saturday, January 22, 2022

পর্ব – ৮ (বিসর্গ সন্ধি)

 


বিসর্গ সন্ধি সূত্রসহ না বুঝলে অসুবিধা হতে পারে। প্রথমে বিসর্গ  ( ঃ) কী সেটা আগে বুঝতে হবে। উচ্চারণের ক্ষেত্রে বাংলায় বিসর্গকে আমরা ‘হসন্ত হ’ বলতে পারি; অর্থাৎ হ্‌-ধ্বনির আগে স্বরধ্বনি থাকবে, পরে নয়। সংস্কৃতে বিসর্গ সাধারণত দুই প্রকার; র্‌-জাত বিসর্গ (পুনঃ > পুনর্‌, অন্তঃ > অন্তর্‌, নিঃ > নির্‌, প্রাতঃ > প্রাতর্‌ ইত্যাদি) এবং স্‌-জাত বিসর্গ (নমস্‌ = নমঃ, তপস্‌ = তপঃ, শিরস্‌= শিরঃ ইত্যাদি)। বিসর্গ সন্ধিও এক প্রকার ব্যঞ্জনসন্ধি।

উদাহরণ সহ কিছু সূত্র তুলে ধরা যাক।

১)   ঃ (স্‌-জাত) + স্বরধ্বনি = ও

          ততঃ (ততস্‌) + অধিক = ততোধিক          অঃ + অ = ও

২)   ঃ (র্‌-জাত) + স্বরধ্বনি = র্‌ + স্বরধ্বনি

          পুনঃ (পুনর্‌) + অপি = পুনরপি              অঃ + অ = অর্‌ + অ

          নিঃ + অন্ন = নিরন্ন                          ইঃ + অ = ইর্‌ + অ

          দুঃ + অবস্থা = দুরবস্থা                       উঃ + অ = উর্‌ + অ

          নিঃ + আকার = নিরাকার                     ইঃ + আ = ইর্‌ + আ

          জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র                 ইঃ + ই = ইর্‌ + ই

৩)  অঃ + স্বরবর্ণ (অ ছাড়া) = অ + স্বরবর্ণ     (ঃ লোপ)

          অতঃ + এব = অতএব                      অঃ + এ = অ + এ

৪)   ঃ + অঘোষ বর্ণ (তালব্য/মূর্ধন্য/দন্ত্য) = শ্‌/ষ্‌/স্‌ + অঘোষ বর্ণ

          নিঃ + চয় = নিশ্চয়                        ঃ+ চ (তালব্য বর্গের ১ম) = শ্‌ + চ

          নিঃ + ঠুর = নিষ্ঠুর                         ঃ + ঠ (মূর্ধন্য বর্গের ২য়) = ষ্‌ + ঠ

          ইতঃ + ততঃ = ইতস্ততঃ                   ঃ + ত (দন্ত্য বর্গের ১ম) = স্‌ + ত

৫)   ঃ (স্‌-জাত)+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = ও + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          মনঃ + মোহন = মনোমোহন               অঃ + ম (ঘোষ বর্ণ) = ও + ম

          মনঃ + রোগ = মনোরোগ                  অঃ + র (অন্তঃস্থ বর্ণ) = ও + র

          পুরঃ + হিত = পুরোহিত                    অঃ + হ = ও + হ

৬)   ঃ (র্‌-জাত) + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = র্‌+ ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          পুনঃ + জন্ম = পুনর্জন্ম                    অঃ + জ (ঘোষ বর্ণ) = অর্‌ + জ

          পুনঃ + বিবেচনা = পুনর্বিবেচনা           অঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = অর্‌ + ব

          অন্তঃ + হিত = অন্তর্হিত                     অঃ + হ = অর্‌ + হ

৭) স্বরধ্বনি (অ, আ ছাড়া) +   ঃ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ = স্বরধ্বনি (অ, আ ছাড়া) + র্‌ + ঘোষ বর্ণ/অন্তঃস্থ বর্ণ/হ

          দুঃ + গম = দুর্গম                        উঃ + গ (ঘোষ বর্ণ) = উর্‌ + গ

          আশীঃ + বাদ = আশীর্বাদ                ঈঃ + ব (অন্তঃস্থ বর্ণ) = ঈর্‌ + ব

         

৮)   ঃ (র্‌-জাত) + র্‌ = দীর্ঘস্বর + র্ (বিসর্গ লোপ পেয়ে তার পূর্বের স্বরধ্বনি দীর্ঘ হয়)

          নিঃ + রব = নীরব                  ইঃ + র = ঈ + র

          চক্ষুঃ + রোগ = চক্ষূরোগ            উঃ + র = ঊ + র

৯) ঃ (র্‌-জাত) + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) = ষ্‌ + অঘোষ (কণ্ঠ্য/ঔষ্ঠ্য)

          চতুঃ + পদ = চতুষ্পদ             উঃ + প = উষ্‌ + প (ঔষ্ঠ্য অঘোষ)

          আবিঃ + কার = আবিষ্কার          ইঃ + ক =ইষ্‌ + ক (কণ্ঠ্য অঘোষ)

১০)   ঃ (স্‌-জাত) + কর/কার/কাম/কান্ত = স্‌ + কর/কার/কাম/কান্ত

          মনঃ + কাম = মনস্কাম

          নমঃ + কার = নমস্কার

          শ্রেয়ঃ + কর = শ্রেয়স্কর

১১)   ঃ + (কণ্ঠ্য/ঔষ্ঠ্য) অঘোষ/উষ্ম বর্ণ =   ঃ + অঘোষ/উষ্ম বর্ণ

          নিঃ + শেষ = নিঃশেষ           ঃ + শ (উষ্ম) =   ঃ + শ (বিসর্গ লোপ পায় না)

          শিরঃ + পীড়া = শিরঃপীড়া          ঃ + প (ঔষ্ঠ্য অঘোষ) =   ঃ + প

বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা আপাতত এই পর্যন্ত হলেও চলবে। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। কিছু জরুরি বাংলা সন্ধি ও ছাত্র-ছাত্রীদের দরকারি কিছু সন্ধি বিচ্ছেদের তালিকাও প্রকাশ করা হবে।

Friday, January 14, 2022

পর্ব - ৭ ( ব্যঞ্জনসন্ধি)

 

আগের পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা হয়েছে। এবার ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলা হয়। সহজে খুঁজে পাওয়ার জন্যে কিছু ফর্মুলা বা সূত্র এখানে তুলে ধরা হল।

১) বর্গের ১ম বর্ণ + স্বরধ্বনি = ৩য় বর্ণ + স্বরধ্বনি

          যেমন,   দিক + অন্ত = দিগন্ত                  ক্‌ + অ = গ্‌ + অ

                   ষট + আনন = ষড়ানন                ট্‌ + আ = ড়্‌ + আ

                   নিজন্ত, সদুপায়, সুবন্ত ইতাদি

২) স্বরধ্বনি + ছ = স্বরধ্বনি + চ্ছ

          যেমন,   তরু + ছায়া = তরুচ্ছায়া              উ + ছ = উ + চ্ছ

                   পরিচ্ছদ, আচ্ছাদন, প্রচ্ছন্ন ইত্যাদি

৩) ত্‌/দ্‌ + চ/ছ = চ্‌ + চ/ছ

          যেমন,   চলৎ + চিত্র = চলচ্চিত্র                ত্‌ + চ = চ্চ

                   বিপদ + চয় = বিপচ্চয়               দ্‌ + চ = চ্চ

                   উচ্ছেদ, সচ্চিদানন্দ ইতাদি

৪) ত্‌/দ্‌ + জ/ঝ = জ্জ/জ্ঝ

          যেমন,   সৎ + জন = সজ্জন                   ত্‌ + জ = জ্জ

                   কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা             ত্‌ + ঝ = জ্ঝ

                   উজ্জ্বল, যাবজ্জীবন ইতাদি

৫) ত্‌ + ট/ঠ = ট্ট (ট্‌ +ট)

          যেমন,   বৃহৎ + টীকা = বৃহট্টীকা               ত্‌ + ট = ট্ট

৬) ত্‌ + ড/ঢ = ড্ড (ড+ড)

          যেমন,   উৎ + ডীন = উড্ডীন                  ত্‌ + ড = ড্ড

৭) ত্‌/দ + ল = ল্ল (ল্‌ + ল)

          যেমন,   উৎ + লাস = উল্লাস                  ৎ + ল = ল্ল

৮) ত্‌/দ্‌ + হ = দ্‌ + ধ (দ্ধ)

          যেমন,   উৎ + হত = উদ্ধত                   ৎ + হ = দ্ধ

৯) ত্‌/দ্‌ + শ = চ্‌ + ছ (চ্ছ)

          যেমন,   উৎ + শ্বাস = উচ্ছ্বাস                  ৎ + শ = চ্ছ

১০) ত্‌/দ্‌ + ন/ম = ন + ন/ম

          যেমন,   জগৎ + নাথ = জগন্নাথ                ৎ + ন = ন্ন

                   তদ + নিমিত্ত = তন্নিমিত্ত              ৎ + ন = ন্ন

                   মৃৎ + ময়     = মৃন্ময়                ৎ + ম = ন্ম

১১) উৎ + স্থা = উৎ + থা (স্‌ লোপ)

          যেমন,   উৎ + স্থান = উত্থান                 ৎ + স্‌ + থ = ত্‌ + থ (ত্থ)

১২) দ/ধ + ক/প = ৎ + ক/প

          যেমন,   হৃদ + কমল = হৃৎকমল

                   ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা

১২) চ/জ + ন = চ/জ + ঞ

          যেমন,   যাচ্‌ + না = যাচ্ঞা                    চ্‌ + ন = চ্ঞ

                   যজ্‌ + ন =  যজ্ঞ                      জ্‌ + ন = জ + ঞ (জ্ঞ)

 

১৩) ক্‌ + ন/ম = ঙ্‌ + ন/ম (১ম বর্ণ > ৫ম বর্ণ)

          যেমন,   দিক + নির্ণয় = দিঙনির্ণয়             ক্‌ + ন = ঙ্‌ + ন

                   বাক  + ময় = বাঙ্ময়                 ক্‌ + ম = ঙ্ + ম

১৪) বর্গের ১ম বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ = ৩য় বর্ণ + ৩য়/৪র্থ/অন্তঃস্থ বর্ণ/হ

          যেমন,   দিক + বিজয় = দিগ্বিজয়              ক্‌ + ব = গ + ব

                   সৎ + ব্যবহার = সদ্ব্যবহার            ত্‌ + ব = দ্‌ + ব

                   ষট্‌ + যন্ত্র     = ষড়যন্ত্র               ট্‌ + য = ড় + য

১৫) ম + ক/গ/অন্তঃস্থ বর্ণ/উষ্ম বর্ণ = ং +

                   সম + গীত = সংগীত                 ম্‌ + গ = ং + গ

                   প্রিয়ম + বদা = প্রিয়ংবদা             ম্‌ + ব = ং + ব

                   সম + সার = সংসার                  ম্‌ + স = ং + স

১৬) ম + স্পর্শ বর্ণ = ৫ম + স্পর্শ বর্ণ

                   সম + পূর্ণ = সম্পূর্ণ                   ম্‌ + প = ম্‌ (প-বর্গের ৫ম) + প

                   সম + ন্যাস = সন্ন্যাস                 ম্‌ + ন = ন্‌ (ত-বর্গের ৫ম) + ন

                   সম + চয় = সঞ্চয়                    ম্‌ + চ = ঞ (চ-বর্গের ৫ম) + চ

১৭) সম্‌/পরি + কার = সং/পরি + স্কার/ষ্কার

          যেমন,   সম্‌ + কার = সংস্কার                 ম্‌ + ক = ম্‌ + স্ক (স্‌ + ক)

                   পরি + কার = পরিষ্কার                ই + ক = ই + ষ্ক (ষ্‌ + ক)

১৮) ম্‌ + ত = ন্‌ + ত

          যেমন,   গম্‌ + তব্য = গন্তব্য                   ম্‌ + ত = ন্ত

১৯) ন্ + শ/স = ং + শ/স

          যেমন,   হিন্‌ + সা = হিংসা                              ন্‌ + স = ং + স

২০) ষ্‌ + ত = ষ্‌ + ট

          যেমন,   বৃষ্‌ + তি = বৃষ্টি                     

২১) হ্‌/ধ্‌/ভ্‌ + ত = গ্‌/দ্‌/ব্‌ + ধ (গ্ধ/দ্ধ/ব্ধ)

          যেমন,   দহ্‌ + ত = দগ্ধ                       হ্‌ + ত = গ্ধ

                   বুধ্‌ + ত = বুদ্ধ                       ধ্‌ + ত = দ্ধ

                   লভ + ত = লব্ধ                      ভ্‌ + ত = ব্ধ

উপরের সন্ধির বেশিরভাগ ঘোষীভবন ও সমীভবনের মাধ্যমে হয়েছে বলা যায়। ক-এর গ হয়ে যাওয়া ঘোষীভবনের উদাহরণ। জ-এর টানে ত্‌-এর জ্‌ হয়ে যাওয়া সমীভবনের উদাহরণ। ব্যঞ্জনসন্ধি সম্পর্কে আলোচনা আপাতত এ পর্যন্ত থাক। নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে পরে আলোচনা করা যাবে। ছাত্র-ছাত্রীদের জন্যে কিছু দরকারি সন্ধি বিচ্ছেদ একটি পর্বে প্রকাশ করব। তবে আগামি পর্বে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব।

Thursday, January 6, 2022

পর্ব - ৬ (স্বরসন্ধি)

 

আগের পর্বে যুক্তবর্ণ নিয়ে আলোচনা হয়েছে। এই পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি আসলে দুটি ধ্বনির মিলন – দুটি পাশাপাশি শব্দ যুক্ত হয়ে যখন একটি শব্দ হয়, তখন প্রথমটির শেষ ধ্বনি ও পরবর্তী শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। এই মিলিত রূপই হচ্ছে সন্ধি। সন্ধি মূলত তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়।

যেমন – বিদ্যা + আলয় = বিদ্যালয়

ব্‌+ই+দ্‌+য্‌+আ + আ+ল্‌+অ+য়+অ = ব্‌+ই+দ্‌+য্‌++ল্‌+অ+য়্‌+অ

এখানে দুটি মিলে একটি হয়েছে।

স্বরসন্ধির কিছু নিয়ম বা সূত্র আছে, উদাহরণসহ সেই নিয়মগুলো উল্লেখ করা হল।

অ + অ = আ      নর + অধম = নরাধম

অ + আ = আ     দেব + আলয় = দেবালয়

আ + অ = আ     যথা + অর্থ = যথার্থ

আ + আ = আ     কারা + আগার = কারাগার

 

ই + ই = ঈ        রবি + ইন্দ্র = রবীন্দ্র

ই + ঈ = ঈ       পরি + ঈক্ষা = পরীক্ষা

ঈ + ই = ঈ       শচী + ইন্দ্র = শচীন্দ্র

ঈ + ঈ = ঈ       পৃথ্বী + ঈশ = পৃথ্বীশ

 

উ + উ = ঊ       মরু + উদ্যান = মরূদ্যান

উ + ঊ = ঊ       লঘু + ঊর্মি = লঘূর্মি

ঊ + উ = ঊ       বধূ + উক্তি = বধূক্তি

ঊ + ঊ = ঊ       ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব

 

অ + ই = এ       নর + ইন্দ্র = নরেন্দ্র

অ + ঈ = এ       গণ + ঈশ = গণেশ

আ + ই = এ      যথা + ইষ্ট = যথেষ্ট

আ + ঈ = এ      রমা + ঈশ = রমেশ

 

অ + উ = ও       নব + উদয় = নবোদয়

অ + ঊ = ও       চল + ঊর্মি = চলোর্মি

আ + উ = ও      যথা + উচিত = যথোচিত

আ + ঊ = ও      গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

 

অ + ঋ = অর্‌     উত্তম + ঋণ = উত্তমর্ণ

আ + ঋ = অর্‌    রাজা + ঋষি = রাজর্ষি

 

অ + এ = ঐ       জন + এক = জনৈক

অ + ঐ = ঐ       মত + ঐক্য = মতৈক্য

আ + এ = ঐ      সদা + এব = সদৈব

আ + ঐ = ঐ      মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য

 

অ + ও = ঔ       বন + ওষধি = বনৌষধি

অ + ঔ = ঔ       চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য

আ + ও = ঔ      মহা + ওষধি = মহৌষধি

আ + ঔ = ঔ      মহা + ঔষধ = মহৌষধ

 

ই + অ = য       পরি + অন্ত =পর্যন্ত

ই + আ = যা      ইতি + আদি = ইত্যাদি

ই + উ = যু        অতি + উচ্চ = অত্যুচ্চ

ই + ঊ = যূ       প্রতি + ঊষ = প্রত্যুষ

ই + এ = যে      প্রতি + এক = প্রত্যেক

ঈ + অ = য       নদী + অম্বু = নদ্যম্বু

ঈ + আ = যা      মসী + আধার = মস্যাধার

 

উ + অ = ব       মনু + অন্তর = মন্বন্তর

উ + আ = বা      সু  + আগত = স্বাগত

  + ই = বি      অনু + ইত = অন্বিত

উ + ঈ  = বী      তনু + ঈ   = তন্বী

অ + এ  = বে     অনু + এষণ = অন্বেষণ

 

এ + অ = অয়     শে + অন = শয়ন

ঐ + অ = আয়    নৈ  + অক = নায়ক

 

ও + অ = অব     পো + অন  = পবন

ও + ই = অবি     পো + ইত্র  = পবিত্র

ঔ + অ = আব    পৌ + অক = পাবক

ঔ + ই = আবি    নৌ + ইক  = নাবিক

 

এছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে, আপাতত এসবের আলোচনার খুব একটা দরকার নেই। পরবর্তী পর্বে ব্যঞ্জনসন্ধি নিয়ে আলোচনা হবে।

পর্ব -- ৯ ( নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি ও জরুরি সন্ধি বিচ্ছেদ)

  এই পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সন্ধির তালিকা প্রকাশ করব, সঙ্গে থাকবে নিপাতনে সিদ্ধ সন্ধিও। তবে তার আগে বাংলা সন্ধি নিয়ে আ...